• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ মনে করে গোপালগঞ্জকে শেখ হাসিনা সোনা-রুপা দিয়ে মুড়িয়ে দিয়েছে- সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
দেশের মানুষ মনে করে গোপালগঞ্জকে শেখ হাসিনা সোনা-রুপা দিয়ে মুড়িয়ে দিয়েছে- সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের মানুষ মনে করে শেখ হাসিনা গোপালগঞ্জ জেলাকে সোনা-রুপা দিয়ে মুড়িয়ে দিয়েছে। কিন্তু দূর্ভাগ্য তার ছিটে ফোঁটাও উন্নত গোপালগঞ্জে হয়নি। দেশে দুর্নীতি, অনিয়ম, লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। সেই নেত্রীর একজন মন্ত্রী ছিলেন ফারুক খান। তিনি এখন জেলে আছেন। তিনি মন্ত্রী থাকার পরও আমাদের কি দুর্ভাগ্য মুকসুদপুরে এখনো উন্নয়ন হয়নি।

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) মুকসুদপুরের বরমপাল্টা এলাকার শ্রী জটাধর গোসাঁই এর বাৎসরিক মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর-কাশিয়ানীকে একটি দল তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা এই গোপালগঞ্জেরই মানুষ ছিলেন। আপনাদের এই মুকসুদপুরে চান্দারবিলে নামে একটা বিল আছে। সেই বিলে বিগত ২০১০ সালে আমার গ্রাম, আমার শহর নামে ১২০ কোটি টাকার একটি প্রকল্প এসেছিল। সেই ২০১০ সালের প্রকল্প এই ২০২৫ সালেও আলোর মুখ দেখেনি। আমি বেশ কিছুদিন আগে প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জেনেছি প্রকল্পটি ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। কারন প্রকল্পের কাজ শুরু না হওয়ার আগেই প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষররা।

তিনি আরো বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। তারপরও এই খবর আমি জানার পর তাদের কাছে সুপারিশ করে এসেছি। প্রকল্পটি যেন শুরু করা হয়। শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই আমি তাদের কাছে এই সুপারিশ করেছি।

আলোচনা সভায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল শিকদার লেলিন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ অনেকে বক্তব্য রাখেন। #