নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল, আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। বিশেষত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এ সমস্যাগুলো অত্যন্ত প্রকট। সংসদ সদস্য-উপজেলা পরিষদ চেয়ারম্যান-ইউএনও এ ত্রিমুখী টানাপোড়েনে উপজেলা পরিষদ যথাযথ ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। আইনে উল্লেখ থাকলেও হস্তান্তরিত কার্যক্রমগুলো এখনও উপজেলা পরিষদের কাছে যথাযথভাবে ন্যস্ত করা হয়নি। জেলা পরিষদের কাজ কী, জেলার মানুষের কোন উপকারে তারা পাশে থাকেনÑ এ সম্পর্কে কারোরই কোনো স্বচ্ছ ধারণা নেই। সার্বিক সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়কেই জেলা পরিষদে পরিণত করা দরকার। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও পৌরসভা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও সংশ্লিষ্ট সংসদ সদস্যের ‘পরামর্শ’ উপেক্ষা করা যায় না। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে আমাদের ‘নগর সরকার’ গঠনের দিকে অগ্রসর হতে হবে। রোববার গ্রান্ড পার্ক হোটেলে এসডিসি’র সহযোগিতায় গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও ইউএনডিপির যৌথ আয়োজনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাক্সক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক বিভাগীয় সংলাপে বক্তারা এসব বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএনডিএনের সভাপতি ও আইসিডিএর উপদেষ্টা মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ। গভার্নেন্স এডভোকেসি ফোরামের সচিবালয় ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য সংগঠন গভার্নেন্স কোয়ালিশনের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভার্নেন্স এডভোকেসি ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায়।

বক্তব্য রাখেন এমএপির নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী। বিভাগীয় সংলাপে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বর্তমান ও সাবেক স্থানীয় সরকার প্রতিনিধি, নারী, পেশাজীবী, গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক, যুব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, গৃহবধূ, এনজিও সংগঠিত দলের নেত্রী, শিক্ষক, স্থানীয় ক্লাব, ধর্মীয় নেতা, দলিত, হিজড়া, অতিদরিদ্রসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।