বরিশাল ব্যুরো
সারা বিশ্বের মত বাংলাদেশেও দিনে দিনে ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে করোনা ভাইরাস।
এই ভাইরাসের কারণে প্রায় সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে।
এই মরনঘাতি করোনা ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ঘরে থাকা ও হাত ধোয়ার বিকল্প নেই।
তাই সেভ দ্যা চিল্ড্রেন এর সহাযোগিতায় সেইন্ট বাংলাদেশ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে সাড়ে ৫ হাজার সাবান বিতরণ করেছে।
পাশাপাশি উপজেলার ১৪ ইউনিয়নে ও উপজেলা পরিষদে হ্যান্ড ওয়াশিং ডিভাইস সেট স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে ৯ ইউনিয়নের ২ হাজার ৮১২ পরিবারের মাঝে এই সাবান বিতরণ করা হয়।
পাশাপাশি হ্যান্ড ওয়াশিং ডিভাইস সেট স্থাপনের ফলে ইউনিয়ন পরিষদে আগত মানুষ হাত ধুয়ে প্রবেশ করতে পারবে।
সেক্ষেত্রে এই মহামারির সংক্রমন থেকে রক্ষা করা যাবে।
এছাড়া হাত ধোয়ার নিয়ম সম্বলিত প্রায় আড়াই হাজার পোস্টার বিতরণ করা হয়।

গত শনিবার উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদে এই হ্যান্ড ওয়াশিং ডিভাইসের উদ্বোধন করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইয়াকুব আলী জোমাদ্দার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মজিদ খান, ইউনিয়ন পরিষদের সচিব শাখাওয়াত হোসেন, ইউনিয়ন ফ্যাসিলিটিটর শারমিন লুনা, হান্নান মৃধা প্রমুখ।
একই দিন রঙ্গশ্রী, ভরপাশা, চরাদী, কবাই, নিয়ামতি, পাদ্রীশিবপুর, চরামদ্দি ও গারুরিয়া ইউনিয়নেও হ্যান্ড ওয়াশিং ডিভাইস সেট স্থাপন ও বাড়ি বাড়ি গিয়ে সাবান-পোস্টার বিতরণ করা হয়।