• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে তরমুজের ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
বাউফলে তরমুজের ট্রলার ছিনিয়ে নেওয়ার  অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

সাগর দাস
বাউফল প্রতিনিধি,
চাঁদার দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক কৃষকের তরমুজ ভর্তি ট্রলার ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা সাইফুলকে গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ক্ষেত থেকে ৮৬০ পিচ বড় আকারের তরমুজ কেটে ট্রলারে উঠিয়ে বরিশাল নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মো. মানিক ব্যাপারী নামের এক কৃষক। দুপুর ১২ টার দিকে স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেনের ছেলে, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল দলবল নিয়ে ট্রলার চালক মো. আরিফকে (১৮) মারধর করে চর রায়সাহেব থেকে তরমুজভর্তি ওই ট্রলারটি ছিনিয়ে নিয়ে নিমদী লঞ্চঘাটের দক্ষিণ পাশে পরিত্যক্ত ইটভাটার কাছে নিয়ে নোঙর করে রাখে। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী সেখানে গিয়ে ট্রলারসহ তরমুজ ফেরত চাইলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সাইফুল ও তার লোকজন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তরমুজ অন্য একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায় সাইফুল। ভুক্তভোগী মানিক ব্যাপারী অভিযোগ করেছেন, এ বিষয়ে কাউকে জানালে কিংবা মামলা করলে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় সাইফুল। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে মো. মানিক ব্যাপারী (৪৫) চারজনের নাম উল্লেখ করে আরও ২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে বাউফল থানায় মামলা দায়ের করেন। এরপরই মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সাইফুল নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে যুবদলের সক্রিয় সদস্য। তার বাবা মো. এনায়েত হোসেন খান (৫৮) নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকেও তরমুজ ছিনতাই মামলায় আসামি করা হয়েছে। স্থানীয়ভাবে সাইফুল ও তার বাবা এনায়েত হোসেন উপজেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদারের অনুসারী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ছাত্রদল নেতা সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ###