স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহি বাসের চাপায় মাবিয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় গাড়ি ভাংচুর করে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিক ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধা মাবিয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলা সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, বৃদ্ধা মাবিয়া বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটি ইট-পাটকেল মেরে ভাঙচুর করে। পরে ওই স্থানে গাছের গুড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক’শ যানবাহন আটকা পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। #