• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে তরমুজে চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ণ

মংচিন থান, বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে তরমুজে চাঁদা দাবির অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. জুবায়ের হোসেন (২২), আঃ রব মুসুল্লির ছেলে এনামুল হক (২২) ও মোস্তফা প্যাদার ছেলে মো. মাসুম।

জানা যায়, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মো. সজিব মিয়া উপজেলা শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ৬৫ একর জমিতে তরমুজ চাষ করছেন। ওই জমির তরমুজ পাইকারের কাছে বিক্রি করে দেন। এসময় ব্যবসায়ীরা তরমুজ কেটে ট্রাকে উঠালে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দেওয়ায় সকাল থেকে তরমুজ পরিবহনের ট্রাক অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি তালতলী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের আটক করেন।

তরমুজ চাষি সজিব মিয়া বলেন, তারা আমার কাছে প্রতি ১ লক্ষ টাকা তরমুজ বিক্রিতে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তালতলী থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###