• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলায় ব্যবসায়ী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ণ
প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলায় ব্যবসায়ী জেল হাজতে

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় শহিদুল ইসলাম চৌধুরী (৩০) নামের এক মেটাল ও ওয়ার্কশপ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) কোটালীপাড়া থানা পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

আজ রবিবার (১৬ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সেলিম মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম চৌধুরী কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রামের শাহা চৌধুরীর ছেলে। সে মেটাল ও ওয়ার্কশপ ব্যবসায়ী।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সেলিম মাহাবুব বলেন, উপজেলার কুশলা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে প্রতিবেশী শাহা চৌধুরীর ছেলে শহিদুল ইসলাম চৌধুরী ও ইউসুব আলী ফকিরের ছেলে শরিফুল ফকির দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী কুশলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নির্জন এলাকায় একা পেয়ে শহিদুল ও শরিফুল গায়ে হাত দিয়ে টানাহেঁচড়া করে। এসময় ওই মহিলার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসলে শরিফুল ও শহিদুল পালিয়ে যায়।

এসআই সেলিম আরো বলেন, এ ঘটনায় গত ১১ মার্চ ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে শহিদুলি ইসলাম চৌধুরী ও শরিফুল ফকিরকে আসামী করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে। এই মামলায় আসামী শহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী শরিফুল ফকিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওই প্রবাসী বলেন, আমি ৩ বছর ধরে প্রবাসে আছি। শহিদুল সম্পর্কে আমার স্ত্রীর চাচা। তিনি আমার সমবয়সী হওয়ায় আমাদের মাঝে ভালো বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বিভিন্ন সময় আমার স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিতো। এক পর্যায়ে সে আমার স্ত্রীকে কু-প্রস্তাব দেয়। আমার স্ত্রী বিষয়টি আমাকে ও পরিবাবরের সদস্যদের জানালে এ নিয়ে সালিশ বৈঠকে আমার স্ত্রীকে আর বিরক্ত করবে না বলে সবার কাছে ক্ষমা চায়। সম্প্রতি তিনি এই ঘটনা ঘটায়। ঘটনা শুনে আমি দেশে আসি এবং আমার স্ত্রী এই ঘটনায় মামলা দায়ের করে। #