স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের মৃত্যুবরণকারী নেতাদের পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে।
আজ রবিবার (৩০ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ বাড়ী বাড়ী গিয়ে জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল আলম নাসিম ও শেখ জহির আহম্মেদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। ঈদ উপহার তুলে দেবার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের দলের নেতাকর্মীরা যারা মৃত্যুবরণ করছেন তাদের পরিবারের খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ৫ আগষ্টে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের খোঁজখবরও নিতে বলেছেন। আমি জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব পরিবারের হাতে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এছাড়া অসহায় দরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গিসহ ঈদ উপকরণ বিতরণ করছি। ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা মুক্তভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারছি।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাধারন মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করবে এবং বিএনপিকে ক্ষমতায় আনবে। #