দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উপর এবং নিচে পায়রা নদীর পাড়ে ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে হাজারো দর্শনার্থীরা ভিড় করেছেন। ঈদের দিন সকাল থেকেই প দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। যা ছিলো চোখে পড়ারমত। এখানে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা।
পায়রার পাড়ে ঘুরতে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, মা,বাবা, স্ত্রী, সন্তান নিয়ে ঘুরতে এসেছি। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোয় ঈদের আনন্দ বেড়েছে। তাছাড়া আমাদের দুমকিতে উল্লেখযোগ্য তেমন কোন বিনোদন স্পট নেই তাই পায়রা সেতু হওয়ার পর থেকে দুমকি তথা পটুয়াখালীবাসী জন্য এই পায়রার পাড়ই একমাত্র দর্শনীয় স্থান যেখানে আসলে মন খারাপ থাকলেও ভাল হয়ে যায়।
পরিবার নিয়ে ঘুরতে আসা মো. মাহবুব বলেন, খোলামেলা পরিবেশে ব্রীজের নিচে এসে ছেলে-মেয়েরা আনন্দ করছে। সকলের সঙ্গে ঈদ করা অন্য রকম এক অনুভূতি। ঘুরতে আসা প্রিয় নামের এক গৃহবধূ জানান, দুমকি একটি শিশুপার্কের অভাব রয়েছে। শিশুপার্ক থাকলে বিশেষ দিনগুলোতে শিশুরা আরও আনন্দ উপভোগ করতে পারতো। তাই কোন অন্য কোন বিনোদন স্পট না থাকায় আমরা মাঝে মধ্যেই পায়রার পাড়ে ঘুরতে আসি। তবে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দুমকিতে একটি ভালোমানের বিনোদন কেন্দ্র তৈরি করেন।
পায়রা সেতু সংলগ্ন স্থানীয় বাসিন্দা বলেন, ঈদের প্রথম দিন থেকেই পায়রা সেতুর নিচে ব্যপক লোকের সমাগম রয়েছে। সামনের দিনগুলোতে আরও লোকজনের উপস্থিতি বাড়তে পারে। ঈদকে কেন্দ্র করে সেতুর নিচে শিশুদের জন্য অস্থায়ী একটি ছোট পার্ক বসানো হয়েছে।