• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে মিছিলে মিছিলে মুখরিত বরগুনা জেলার সর্বস্তরের মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ
ইসরায়েলের বিরুদ্ধে মিছিলে মিছিলে মুখরিত বরগুনা জেলার সর্বস্তরের মানুষ

বরগুনা জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের উপর ইসরায়েলের জঘন্যতম হামলার বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা মিছিলে মিছিলে মুখরিত বরগুনা। বরগুনা জেলা শহর ছাড়াও জেলার ৬টি উপজেলা সদর, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পৃথক পৃথক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০টায় বরগুনা সরকারী কলেজ গেট থেকে ছাত্র জনতার ব্যনারে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর রোডে অবস্থান নেয়। এ সময়ে জমিয়াতে হেযবুল্লাহ বরগুনা জেলা শাখার একটি বিশাল মিছিল শহরের আসলে একত্রিত হয়ে যৌথ ভাবে মিছিল শুরু করে। এসময়ে হাজার উৎসুক তাওহীদী জনতা মিছিলে অংশগ্রহণ করলে প্রায় এক কিঃমিঃ দীর্ঘ মিছিলে পরিণত হয়। শহরে যান চলাচল অচল হয়ে পরে। মিছিলটি শহর প্রদক্ষীন শেষে বরগুনা সদরঘাট জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ফিলিস্তিনের উপর ইসরায়েলের জঘন্য হামলার প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। সবশেষে ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দুপুরে জোহর নামাজবাদ বরগুনা সদর ঘাট জামে মসজিদ চত্বর থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার একটি বিশাল মিছিল বের হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিকেলে আসর নামাজবাদ সদরঘাট মসজিদ চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আয়োজন এক বিশাল প্রতিবাদ মিছিল বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময়ে সংগঠনের জেলা সেক্রেটারী আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক মাওঃ মহিব্বুল্লা হারুন ও সাবেক জেলা আমির মাওঃ মুহাঃ আবু সালেহ।