• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এসময় বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।

আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ হামলা ঘটনা ঘটে।

মারাত্মক আহত তৈয়ব মোল্যা (৫৫), আল আমিন মিয়া (২৫)ও আজিনা বেগমকে (৪৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, কয়েক বছর আগে ফুকরা গ্রামের তৈয়ব মোল্যার জমির উপর প্রতিবেশি ফিরোজ মিয়া বোরিং করে। এসময় তৈয়ব মোল্যার ছেলে আল আমিন মিয়া বাঁধা দিয়ে বোরিং সরিয়ে নিতে বলে। পরে বোরিং সরিয়ে না নিলে আদালতে একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে আল আমিন ওই জায়গার উপর থেকে ফিরোজ মিয়াকে আবারো বোরিং সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ফিরোজ মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনের পরিবারের উপর হামলা চালায়। এসময় তৈয়ব মোল্যা, আল আমিন ও আজিনা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #