সৈয়দ নূর-ই আলম,বেতাগী(বরগুনা) প্রতিনিধি:
করোনাভাইরাস যুদ্ধে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। নিয়ম ভেঙে বরগুনার বেতাগীতে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে জনসাধারণের অবাধে চলাফেরা বেড়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। এছাড়াও বসছে সাপ্তাহিক হাঁট-বাজার। ফলে সরকারের করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে করতে বলা হচ্ছে কাজ কিন্তু কে শোনে কার কথা। নিয়ম ভাঙার হিড়িকে হিমশিম খাচ্ছে পুলিশ ও নৌবাহিনী। এ অবস্থায় উপজেলার অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা বিস্তার রোধের কমিটি অকার্যকর হয়ে যাচ্ছে এমন অভিযোগ সচেতন মহলের। সরেজমিন আজ বুধবার সকালে উপজেলার পৌরশহরের বিদ্যালয় মাঠে বসেছে জমজমাট সাপ্তাহিক হাট, পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলকায় সন্ধ্যার পর চলছে গণসমাগম এবং অলি-গলিতে আড্ডা । যদিও ক্রেতা ও বিক্রেতাদের দাবি-পরিস্থিতির কারণে ঠিকমতো দূরত্ব রক্ষার নিয়ম মানছেন না তারা।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান জানান, বুধবার সকালে পৌরশহরের নির্ধারিত বাজারে গিয়ে জনসমাগম বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনায় একাধিকবার মাইকিং করা হয়েছে।