জয় চন্দ্র শীল
স্টাফ রিপোর্টার
বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ আয়োজন ভগবান শ্রী রাম চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে মঙ্গলবার নগরীর কাউনিয়া শ্রীশ্রী মনসা মাতারবমন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হামলার হুমকিতে নিরাপত্তাজনিত কারনের অযুহাত দেখিয়ে পূর্বের ঘোষিত করা এই ধর্মীয় ‘রামায়ণ’ প্রদর্শন অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল নগরীর কাউনিয়া থানার পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ জানিয়েছেন অনুমতি না নেওয়ার কারনে উক্ত অনুষ্ঠানটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার বরিশাল নগরীর কাউনিয়ার মনসা বাড়ি গলির শ্রীশ্রী মনসা মন্দিরে এই ঘটনা ঘটেছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রাম চন্দ্রের জীবন কাহিনী নিয়ে নির্মিত এই রামায়ণ নাটক মঞ্চস্থ করতে সর্বোচ্চ বাধা প্রদান করেন। পুলিশ ধর্মীয় এই অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে অভিযোগ মন্দিরের সংশ্লিষ্টদের।
বরিশালের শ্রীশ্রী কাউনিয়া মনসা মন্দির পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য প্রীতম দাস জানিয়েছেন- ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথী দিবস উপলক্ষে বরিশাল বিভাগে সর্ববৃহৎ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের এই কাউনিয়া শ্রী শ্রী মনসা মন্দিরে।
এই রাম নবমী উৎসবটি রীতি অনুযায়ী আমাদের ৪দিন ব্যাপী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সেই অনুযায়ী বরিশাল বিভাগের সর্বত্র প্রচারণাও চালানো হয়েছিলো।
কমিটির আরেকজন সদস্য হৃদয় দাস জানিয়েছেন, পুলিশকে অনেক অনুরোধ করার পরেও তারা বলেছেন, হুমকি আছে এজন্যই অনুষ্ঠানটি করা যাবে না। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে, তারা শুধু রামায়ণ নাটক নিয়ে সমস্যার কথাই বলেছেন।
নাটক মঞ্চস্থের দায়িত্ব পাওয়া তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটারের পরিচালক- তিলক বসু অনিম জানান, দীর্ঘ দুই মাস যাবৎ আমরা রামায়ণ নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিয়েছিলাম। মঙ্গলবার বিকেলের দিকে সাউন্ড সিস্টেম, ডেকোরেটরের সকল মালপত্রসহ সব সামগ্রী চাপের মুখে খুলে ফেলা হয়েছে। পুলিশের এ সিদ্ধান্তে আমরা গভীরভাবে মর্মাহত।
এ বিষয়ে কাউনিয়া মনসা মন্দিরে উপস্থিত কাউনিয়া থানার এসআই মোঃ জিসান জানিয়েছেন, মন্দিরে অনুষ্ঠান করার জন্য নগর পুলিশের অনুমতি নেওয়া হয়নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আয়োজকদের আমি অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ বলেছেন, সামনে এসএসসি পরীক্ষা থাকায় নাটকটির প্রদর্শন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে নগরীর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রিয়াজ হোসেন, জানান- আমি বিষয়টি জানি না। ধারণা করছি যে, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সে জন্যই নাটকটি ঝুঁকিপূর্ণ মনে করে পুলিশ সেটিকে বন্ধ করেছেন।