স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবনিযুক্ত ওসির সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি নুরুজ্জামান সরদার। পরে ওসির সাথে ফটোসেশনও করেন ওই নেতা। এরপর সেই ছবি আপলোড করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে।
এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা।
জানাগেছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকালে কাশিয়ানী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুজ্জামান সর্দার ছাত্রলীগ নেতাদের নিয়ে সাক্ষাৎ করেন। এসময় নুরুজ্জামান সর্দারের সাথে ছিলেন কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শহিদুল ইসলাম জনি, সহসভাপতি শামিম ও ছাত্রলীগ নেতা রুবেল মুন্সী।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুরুজ্জামান সরদার বলেন, ওরা আগে ছাত্রলীগ করতো, তবে এখন করে না। আর ওরা রাজনৈতিক পরিচয় দিতে আমার সাথে ওসির কাছে যায়নি। ভুল হয়েছে আমি ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করেছি। এখন এটা নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
কাশিয়ানী থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমি অল্পকিছু দিন হয়েছে যোগদান করেছি। সেদিন নুরুজ্জামান সাহেব কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে নিজ দলের নেতাকর্মী বলে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তো নতুন আসছি তাই কাউকে চিনি না। পরে তারা সকলে আমার সাথে ছবি তুলেছে। #