স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল রায়। সংসারে স্ত্রী শেলীর রায় ও দুই সন্তান। একটি এনজিওতে নাইট গার্ডের চাকরি করে সামান্য বেতনে ভালোই চলছিল তাদের সংসার।
কিন্তু তাদের সেই সুখের সংসারে ছেদ টানলো ভয়াবহ অগ্নিকান্ড। আজ রোববার (১৩ এপ্রিল) বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় শেষ সম্বল বসত ঘর। এখন খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হচ্ছে তাদের।
ক্ষতিগ্রস্থ খ্রীষ্টান সম্প্রদায়ের দানিয়েল রায় জানান, বিকালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভালেও ততক্ষণে পুড়ে যায় সবকিছু। অগ্নিকান্ডে বসত ঘর ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় তাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। খাবারের ব্যবস্থা না থাকায় রাতে না খেয়েই থাকতে হবে পুরো পরিবারকে। সহযোগিতার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। #