স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : যশোর থেকে অপহৃত এক যুবক মোঃ আবু সুফিয়ানকে (২৯) গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসময় অপহরনকারী মোঃ রোমান মোল্লাকে (২১) গ্রেফতার করা হয়।
আজ সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকায় সার গোডাউনের পেছন থেকে ওই অপহৃতকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়ায় মোঃ আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ও গ্রেফতারকৃত অপহারনকারী মোঃ রোমান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে মোঃ আবু সুফিয়ানকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে অপহরনকারী মোঃ রোমান মোল্লাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে অপহৃত মোঃ আবু সুফিয়ানের সাথে সম্পর্ক গড়ে তুলে তাকে তার বাড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। যারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও জানায় ওসি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং আজই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ওই ওসি। #