• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চাঁদাবাজ আখ্যা দিয়ে সমন্বয়ক গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে চাঁদাবাজ আখ্যা দিয়ে সমন্বয়ক গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে মারধর

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাঁদাবাজ আখ্যা দিয়ে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবির (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণপূর্ত বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিমউদদী ও সদস্য সচিব সাইদুর রহমান।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের গণপূর্ত বিভাগের গেটের সামনে একদল সন্ত্রাসী তাদেরকে ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। কিল-ঘুষি, লাথি দিয়ে এসব সমন্বয়কদেরকে যেভাবে পারে হামলে পড়ে। আহত ওই দুই সমন্বয়কদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলে আহতরা জানান। মামলা হবে কিনা এটা প্রক্টরের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানান।

ভুক্তভোগী ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবির আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, সন্ধ্যায় দিকে গোপালগঞ্জ শহরের কাচ্চি ডাইনে খাবার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন যাই। এসময় গণপূর্ত বিভাগের গেটের সামনে পৌঁছালে ১৫-২০ জন যুবক আমাদের ঘিরে ফেলে এবং বলে তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। তোরা বিশ্ববিদ্যালয়ের বাহিরে বের হবি না, বের হলে তোদের খবর আছে। এরপর এলোপাথারি ভাবে কিল ঘুষি মারতে থাকে। এতে আমারা দুইজন আহত হই। আমাদের সাথে থাকা অপর শিক্ষার্থী আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

জসিম আরো বলেন, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে এবং আমাকে খোঁজাখুজি করে। বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষার্থী আমাকে বলে যারা আমাকে খুঁজতে এসেছিলো তারা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্তত ছিলো। তাই আমি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে আমর ফেসবুকে স্ট্যাটাস দেই। সেখানে লিখেছিলাম ‘জসিম কে তোদের বাপ নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর’ ওই ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে হয়তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজন হামলা ঘটাতে পারে। সেখানে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ প্রশাসন তাদের সনাক্ত করতে পারবে বলে আমার বিশ্বাস।

গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ শেখ বলেন, সারা বাংলাদেশ ফ্যাসিস মুক্ত হলেও গোপালগঞ্জ এখনো ফ্যাসিস মুক্ত হয়নি। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের হুমকি দিয়ে আসছে। গোপালগঞ্জকে সবার আগে সংস্করণ করা উচিত বলে আমি মনে করি। আজ বিশ্ববিদ্যালয় শাখার দুইজন নেতাকে কে বা কাহারা মারপিট করে আহত করেছে আমরা এর সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি কামনা করছি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবির শাখার দুইজন নেতার উপর হামলা ঘটনা ঘটেছে এমনটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং তাদের তাৎক্ষণিক হাসপাতাল দেখতে এসেছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আনা হবে। ভুক্তভোগীদের থানায় এসে অভিযোগ করতে বলা হয়েছে তবে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি। #