• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ণ
ববিতে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ (বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৬.৭ শতাংশ।

বিএনসিসির নেতৃত্বে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে মূল ফটক দিয়ে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মামুন-উর-রশিদ, প্রক্টর সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি, নিরাপত্তা কর্মী, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

কক্ষ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তাদের যেকোনো প্রয়োজনে মেডিকেল, ফায়ার সার্ভিসসহ জরুরি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা অসংগতি চোখে পড়েনি।”

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল বরিশাল বিভাগীয় পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বিশ্রামের জন্য ‘অভিভাবক কর্নার’ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ, মেডিকেল সেবা প্রদান ও পরিবহন কার্যক্রম পরিচালনা করা হয়, যা ছিল চোখে পড়ার মতো।