বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- “বাকেরগঞ্জের ডিসি রোড খেয়াঘাটে যাত্রী পারাপারে চরম নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায়” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খেয়াঘাট ইজারাদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১ টায় ডিসি রোড খেয়াঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার জানান, বাকেরগঞ্জের কবাই ও ফরিদপুর ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীর ডিসি রোড খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইজারাদার সজিব মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং ভাড়া আদায়ের জন্য খেয়াঘাটে বোর্ড টানানোর নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীর খেয়াঘাটে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা টানানো নেই। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই নদী পারাপারে ইজারাদার জনপ্রতি ভাড়া ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। উক্ত প্রকাশিত সংবাদের পরপর শনিবার যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।