স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরনের কায্যক্রম বন্ধ করে অবস্থান ও মানুববন্ধন কর্মসূচী পালন করে বিক্ষোভ সমাবেশ করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।
আজ রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত্বরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচী শুরু করে। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। কেন্দ্র কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরনের কায্যক্রম বন্ধ রাখে।
মানববন্ধন চলাকোলে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক মেহেরাব গাজী, ৩য় বর্ষের শিক্ষার্থী শারমিন নাহার তমা, জ্যোতি মজুমদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। অবিলম্বে আমাদের এ দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেয়া হোক। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। #