স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা কৃষি সম্প্রসারন অদিদপ্তর এ মেলার আয়োজন করে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. কাদের সরদার, উপজেলার জ্যৈষ্ঠ মৎস কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টল বসেছে। আগামী ২ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করছেন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. কাদের সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে। এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। #