• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৫, ১৪:৩২ অপরাহ্ণ

সোহাগ হাওলাদার বরগুনা:
বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে স্কোপোলামিন নামক নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে মলম পার্টি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (২ মে) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। গ্রেফতারকৃতরা সবাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চানপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— কবির হোসেন (৪৭), পিতা: জব্বার মোল্লা, মাসুদ রানা বেপারী (২৯), পিতা: কামাল বেপারী, মোশারফ হোসেন (৩০), পিতা: সিদ্দিক হোসেন

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, স্থানীয় জনসাধারণের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিনসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে সাধারণ মানুষকে অচেতন করে সর্বস্ব লুট করে আসছিল।