• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে : এ কে এম আব্দুল হাকিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে : এ কে এম আব্দুল হাকিম

জেলা প্রতিনিধি, বরিশাল
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কি সেটা বুঝতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের স্বাধীনতা কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক দায়িত্ব, তাই সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানতে হবে। এজন্য সাংবাদিকদের সাংবাদিকতার লেখা পড়াও করতে হবে।

রোববার (১৮ মে) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গনমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে, এজন্য দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। যার যার প্রফেশনে আমাদের এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রায়াল যে কথাটা চলমান আছে এটা ঠিক না, আইন আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মানহানির ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণ বিধি মোতাবেক চলতে হবে।

তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি মিলন কেন্দ্র, এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না, এটা পেশার জন্য ব্যবহার করতে হবে। একাডেমিক ডিগ্ৰি দিয়ে সাংবাদিকতা হয় না, এ জন্য সাংবাদিকতায় দক্ষতা (ডিগ্ৰি) অর্জন করতে হবে। শুধু অনার্স মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষা গ্ৰহন করতে হবে। এজন্য সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে।

তিনি আরও বলেন, শারীরিক পরিশ্রমের কোনো কাজ এখন আর নেই, যেমন রিকশা গুলোও এখন মটর চালিত হয়ে গেছে। কার্ডধারী হলেই সাংবাদিক হয় না, তার মধ্যে সাংবাদিকতার মিনিমাম একটা ধারণা বা জ্ঞান থাকতে হবে। আইন সম্পর্কে জানতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে। আপনার অধিকার আপনার নিজেকেই আদায় করতে হবে।

কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে গনমাধ্যমে কর্মরত সহকর্মীদের ভূমিকা অপরিসীম। সমাজের মানুষের স্বচ্ছতা গলার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা মূলক আচরণ করতে হবে। একজন সাংবাদিকের মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিনত হয়ে যেতে হয়। এসব থেকে বিরত থাঅতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি সংবাদ ভুল প্রকাশিত হলে পত্রিকার প্রকাশক সম্পাদককে ভুল প্রকাশ করতে হবে। এমনকি সংবাদটি যেই প্রষ্ঠায় প্রকাশিত হবে সেই প্রষ্ঠায় ভুল প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিনা খরচে সংশোধনী প্রকাশ করতে হবে। সৃজনশীলতা একজন সাংবাদিকের মুল উপাদান, যা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা নিজের দায়িত্ববোধ থেকে তৈরি করতে হবে। একটা কার্ড ম্যানেজ করলেই সাংবাদিক হয়ে যায় না, কার্ড ম্যানেজ করে যারা সাংবাদিক তৈরি করে; সেগুলোই অপ-সাংবাদিকতার লক্ষন। এসব থেকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিকতার জন্য লেখা পড়া করতে হবে, এটা আবার একাডেমিক লেখা পড়া নয়, সাংবাদিকতার উপর লেখা পড়া করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়েদুল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/পিএসডি) মোঃ শরফুদ্দীন, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার আফরোজ নাইচ রিমা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারি শাখা) মোঃ আবু জাফর মজুমদার সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গনমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

কর্মশালায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০ সাংবাদিকদের মাঝে প্রেস কাউন্সিলের সনদ বিতরণ করা হয়।