• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৪:৩৭ অপরাহ্ণ

মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে । উপজেলার কালাইয়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন ঘরামীর বাসায় এ ঘটনা ঘটে। খালি বাসা থাকায় সোমবার (২৬ মে) সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যেকোনো সময় এই চুরি সংঘটিত হয়।

চোর চক্র জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়।

এ ঘটনায় ইন্দুরকানি থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে রাতেই ইন্দুরকানি থানা পুলিশ চুরি হওয়া ওই বাড়ি পরিদর্শন করেছেন ।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত শিক্ষক রতন ঘরামির স্ত্রী পরিবার কল্যাণ সহকারী মাধুরী রানী সাংবাদিকদের জানান, গতকাল সোমবার সকালে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সবাই খুলনায় যাই। খুলনা থেকে ডাক্তার দেখানোর পর রাত আটটার পরে আমরা আবার বাসায় ফিরি। এই সময়ের মধ্যে বাসায় কেউ ছিলনা। বাসায় ফিরে দেখি রান্না ঘরের পিছনের জানালার গ্রিল কাটা। ভিতরে আলমারির মালামালও এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরচক্র খালি বাসা পেয়ে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চার ভরি স্বর্ণ, চল্লিশ হাজার টাকা, একটি এন্ড্রয়েড এবং দুটি বাটন ফোন নিয়ে যায়।

ইন্দুরকানি থানার ওসি মো: মারুফ হোসেন জানান, অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাসার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।