ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
ঈদুল আজহা’র দিনে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্টদের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী আগামী ৭ জুন ঈদুল আজহা’র দিনে হলে অবস্থান করবেন, তাদের নাম, রুম নম্বর এবং মোবাইল নম্বর ৫ জুন রাত ৯টার মধ্যে হলের নিরাপত্তা প্রহরীর কাছে থাকা রেজিস্টার খাতায় লিখিয়ে রাখতে হবে। ঈদের দিন দুপুরে তাদের জন্য থাকবে বিশেষ খাবারের আয়োজন।
শেরে বাংলা হলের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “প্রথমবার হলে ঈদ করবো। বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ স্বস্তিদায়ক।”
আরেক শিক্ষার্থী রিপন মণ্ডল বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের পরিবার—এটা আবারও প্রমাণিত।”
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,
“বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক শিক্ষার্থী পরিবার ছেড়ে কষ্ট করে ঈদের দিনেও হলে অবস্থান করবেন, তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
পড়াশোনা ও নানা সমস্যার কারণে কেউ হয়তো পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না। আমরা জানি, পরিবারের অভাব পূরণ করা সম্ভব নয়, তবে চেষ্টা করেছি পরিবারসুলভ অনুভূতি দেওয়ার।”