স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় পিছনে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (০৯ জুর) রাত সাড়ে ১২ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।
ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটর সাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলো। এসময় তারা মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ওসি আরও বলেন, প্রাইভেটকারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটর সাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোন লিখিত অভিযোগ করেনি। #