স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতে যাবার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজমের গ্রেফতার নিয়ে মুখ খুলেছে ছেলে হাইজু মুনতাকা আজম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য ভারতে চিকিৎসা নেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না, সে শরীরিকভাবে খুবই অসুস্থতার জন্য ভারতে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নেন। সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, অনেকই দেখছি ফেসবুকে পোস্ট করছে জি এম শাহাব উদ্দিন আজম ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক। যদি সে ভারতে পালাতে চাইতো তাহলে কি বৈধ পথে যেতো। সে বৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে দিনে দুপুরে গেছেন। যদি সে পালাতে চাইতো, অনেক জায়গা ছিলো পালানোর, সে কখনো পালাইনি।
আজম পুত্র হাইজু মুনতাকা আজম আরো বলেন, ২০০৭ সালেও একবার হত্যা মামলার আসামী হয়েছিলো। সে অনেক বার জেল খেটেছে। জেল খেটেও সে কখনো পালায়নি। জি এম শাহাব উদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে। তার জন্য দোয়া করবেন। আমার বারার গ্রেফতারের তীব্র নিন্দা জানাবেন। আমার বাবা যে অসুস্থ তার যদি চিকিৎসা করানো না হয় তার জবাব আমরা গোপালগঞ্জবাসী দিবো।
এর আগে মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম। আটককৃত জি এম শাহাব উদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত-মইনদ্দিনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। #