স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাইয়ে হতাহতের বাড়িতে মৌসুমী ফল দিয়ে ফেরার পথে ইভটিজিং-এর প্রতিবাদ করায় গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এরইমধ্যে সিসিটিভি দেখে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, জুলাই অভ্যুত্থানে হতাহতের বাড়িতে মৌসুমী ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৈরের কাশিমপুর থেকে মাদারীপুর জেলা শহরে ফিরছিলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে মাদারীপুর ও গোপালগঞ্জের সীমান্তবর্তী মুকসুদপুরের টেকেরহাট উত্তরপাড়ে ‘বরিশাল গেট চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এ চা-নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। এ সময় রেস্টুরেন্টের সামনে পার্কিং করা মিজান পরিবহনের স্টাফরা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যদের ইভটিজিং করে করলে এর প্রতিবাদ করায় বাসের শ্রমিক ও ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ওপর হামলা চালায় বাসের শ্রমিক ও তাদের লোকজন।
এতে আহত হয় সংগঠনের মূখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম আশিক, যুগ্ম আহবায়ক মিথিলা ফারজানা নীলা, কিরণ আক্তারসহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও সেনাবাহিনী। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়ে মাদারীপুর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভিতে তার প্রমান রয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতাদের দাবি জানাচ্ছি। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।”
মাদারীপুর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, “মারামারির অভিযোগ নিয়ে ৫ ছাত্র হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।”
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি। #