নিজস্ব প্রতিবেদক:
চাঁদার দাবীতে জসিম উদ্দিন হাওলাদার (৩৩) নামের এক ইউপি সদস্যকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে আহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি সদস্য জসিম বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড পূর্ব ও পশ্চিম শরিফাবাদ গ্রামের সদস্য।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত এলাকায় ঠিকাদারী ব্যবসা করি আসছি। গত এক সপ্তাহ যাবত পূর্ব শরিফাবাদ এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় এবং বিষয়টি এলাকার লোকজনকে অবহিত করায় আমার ওপর ক্ষিপ্ত হয় ইউনুস। সোমবার (১৬ জুন) রাত এগারটার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের একটি কাজের সাইড থেকে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ইউনুস ও তার সহযোগীরা আমার ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলায় অংশগ্রহনকারীরা স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন ইউপি সদস্য জসিম।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউনুস বলেন, ইউপি সদস্য জসিম আমাকে একটি জমি ক্রয় করিয়ে দিয়ে আমার কাছ থেকে অতিরিক্ত ৯০ হাজার টাকা বেশি নিয়েছেন। আমি সেই টাকা চাওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। এনিয়ে তার (জসিম) সাথে হাতাহাতি হয়েছে। অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।