• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অশ্লীলতা বন্ধে শুটিং স্পটে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৪:২৭ পূর্বাহ্ণ
অশ্লীলতা বন্ধে শুটিং স্পটে পুলিশ

নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্মের নাম করে একশ্রেণির অরুচিকর মানুষ অনেকদিন ধরে অনলাইন প্লাটফর্মের জন্য অশ্লীল বা আপত্তিকর ভিডিও বানিয়ে আসছিলেন।

এসবের নির্মাতা-প্রযোজক খুঁজে পাওয়াও দুষ্কর।

বেশি ভিউয়ের আশায় এমন নোংরা কাজ করে থাকেন কিছু অসাধু লোক।

এসব রোধেই রাতে শুটিং বাড়িগুলোয় নিয়মিত তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীক বলেন, ‘পুলিশের তল্লাশির বিষয় আমরা জানি।

কতিপয় অরুচিকর মানুষ শুটিংয়ের নাম করে অনলাইন প্ল্যাটফর্মের জন্য রুচিহীন ভিডিও বানাচ্ছেন, অসামাজিক কিছু কাজেও ব্যবহার হচ্ছে শুটিং বাড়ি।

এতে করে  শোবিজের মানুষের বদনাম হচ্ছে।’

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘বিভিন্ন শুটিং বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা এলাকাবাসীর মাধ্যমে আমরা জেনেছি।

সেগুলো যেন না ঘটে সে জন্য একটা রুটিন চেকের ব্যবস্থা করেছি আমরা।’

অভিনয়শিল্পীর কয়েকজন জানান, শুটিংয়ের কাজ শেষ করতে প্রায়ই রাত ১২টা থেকে ১টা বেজে যায়।

পরের দিন একই জায়গায় শুটিং থাকলে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে পূবাইলের এই গ্রামে আসাটা অনেক সময় কঠিন হয়ে যায়।

এই অবস্থা থেকে কিছুটা স্বস্তির আশায় অনেক সময় কিছু শিল্পী এবং পুরো শুটিং টিমই শুটিং বাড়িতেই থেকে যায়।