• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখের দুটি নাটকে জাকিয়া বারী মম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ১২:১৭ অপরাহ্ণ
পহেলা বৈশাখের দুটি নাটকে জাকিয়া বারী মম

আর এক মাস পর আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

এ দিনটিকে উৎসবে রাঙাতে প্রস্তুতি শুরু হয়েছে নাট্যাঙ্গনেও।

দিনটিতে প্রচারের জন্য শুরু হয়েছে নাটক নির্মাণ।

এ উৎসবকে উপলক্ষ করে নির্মিত দুটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

নাটক দুটির নাম ‘এক বৈশাখী ভোরে’ ও ‘বনলতা ও জোনাকির গল্প’।

নাটক দুটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

‘এক বৈশাখী ভোরে’ নাটকে মমকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করা শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে।

তার অভিভাবকরা এক অর্থশালী বয়স্ক লোকের সঙ্গে বিয়ে ঠিক করে; কিন্তু মম মানতে পারে না এ সিদ্ধান্ত।

তাই সে পহেলা বৈশাখের সকালে বৈশাখী উৎসবে অংশগ্রহণের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এভাবেই আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকের গল্প।

অন্যদিকে ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে মম শহরের শিক্ষিত স্মার্ট মেয়ে।

আত্মীয়তার টানে মাঝে মধ্যেই গ্রামে চলে যায়।

সেখানে তার নানা বাড়িতে অবস্থান নিয়ে গ্রামের নানা অসঙ্গতি নিয়ে কথা বলে।

নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘এ নাটক দুটির গল্প সমসাময়িক।

সচেতনতামূলক বক্তব্য রয়েছে নাটক দুটিতে।

আশা করছি দর্শকের ভালো লাগবে নাটক দুটি।’

অন্যদিকে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘উচ্চতর ভালোবাসা’ নামের একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন তিনি।