ঢাকার ধামরাই উপজেলায় লকডাউন অমান্য করায় জনতার তাড়া খেয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি পিকআপভ্যান উল্টে খাদে পড়ে গেছে।
এ সময় ১২ যাত্রী আহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে ঢাকা-ধামরাই উত্তরবঙ্গ মহাসড়কের খাজুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অতিরিক্ত যাত্রীবোঝাই একটি পিকআপভ্যান জনতার তাড়া খেয়ে ওই এলাকায় উল্টে খাদে পড়ে যায়।
এতে ১২ যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় চালককে দেয়া হয়েছে উপর্যুপরি গণধোলাই।
শুধু তাই নয়, তাকে ৩১ বার কান ধরে ওঠবস করানো ও মুখে জোরে জোরে বলানো হয়েছে– আমি লকডাউন চলাকালীন আর কখনও গাড়ি চালাব না।
স্থানীয় আদিব আল মাহমুদ জানান, করোনা প্রতিরোধে আমরা সবাই বেশ সচেষ্ট রয়েছি।
তাই আমরা প্রতিজ্ঞা করেছি– ত্রাণ ও পণ্যবাহী, চিকিৎসক, সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থার গাড়ি ছাড়া কোনো গাড়িই আমরা এ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলতে দেব না।
কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, কিছু কিছু গাড়ি চেকপোস্ট ফাঁকি দিয়েই চলে যায়।
এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের। তবে পুলিশের পাশাপাশি জনতাও খুবই সচেষ্ট রয়েছে।