• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যে কোনো সময় গ্রেফতার হতে পারে রিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ণ
যে কোনো সময় গ্রেফতার হতে পারে রিয়া

সুশান্তের অস্বাভাবিক মৃত্যু শুধু তাঁর জীবনের গল্পকে থামিয়ে দেয়নি, তোলপাড় করে দিয়েছে বাঙালি নারী রিয়া চক্রবর্তীর জীবনকেও। সন্দেহ, অভিযোগ আর পাল্টা অভিযোগ—সব মিলে পরিস্থিতি ‘চূড়ান্ত’ অবস্থায় পৌঁছে গেছে। রিয়া যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মুম্বাই পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। শুধু তা-ই নয়, হাতকড়া পরার জন্য তিনি নাকি প্রস্তুত!

গতকাল রোববার মুম্বাইয়ের স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন রিয়াকে। অবশ্য তাঁদের দপ্তরে যাওয়ার আগেই অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেসিন্ধে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন। শুধু তা-ই নয়, রিয়ার তরফে কোনো সময়ই আগাম জামিনের আবেদন জানানো হয়নি বললেন রিয়ার আইনজীবী।
ক্ষোভের সঙ্গে সতীশ মানেসিন্ধে বলেন, ‘আমার মক্কেল রিয়া গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত, কারণ এখানে ডাইনির খোঁজ চলছে। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়, তাহলে নিজের ভালোবাসার জন্য ফল ভোগ করতে তৈরি রিয়া। যেহেতু তিনি নির্দোষ, তাই এখন পর্যন্ত কোনো আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানাননি। বিহার পুলিশ, সিবিআই, ইডি এবং এনসিবিতে তাঁর বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা।’

এর আগে সুশান্তের মৃত্যু মামলার তদন্তে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। আরও গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। গ্রেপ্তার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
৯ সেপ্টেম্বর পর্যন্ত নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের। গত শনিবার রাতে গ্রেপ্তার হন সুশান্তের পরিচালক দীপেশও। পরদিন অর্থাৎ রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাটির ম্যারাথন জেরার মুখোমুখি হন রিয়া চক্রবর্তী। রোববার সকালেই রিয়ার বাড়িতে সমন পৌঁছে দেন এ সংস্থার কর্মকর্তারা।