• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক শাকিবেই চাঙা সিনেমাপাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ণ
এক শাকিবেই চাঙা সিনেমাপাড়া

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছিল দেশব্যাপী সাধারণ ছুটি।

এলাকাভেদে লকডাউনের মধ্য দিয়ে তখন থেকেই কার্যত অচল ছিল দেশ। বন্ধ ছিল যাবতীয় সরকারি-বেসরকারি কার্যক্রম। সীমিত আকারে কিছু প্রতিষ্ঠান চালু থাকলেও সেটি ছিল দেশ ও দেশের অর্থনীতি পরিচালনার স্বার্থে।

স্বভাবতই এসব কিছুর মধ্যে বন্ধ ছিল সিনেমার শুটিং। গত রোজার ঈদের পর সীমিত আকারে এবং কোরবানি ঈদের পর পুরোদমে শুটিং শুরু হলেও অনেক তারকাশিল্পী পরিস্থিতি বুঝে কাজে যোগ দিয়েছেন।

কোরবানি ঈদের আগেই নাট্যাঙ্গন সরগরম হয়ে উঠলেও ছবিপাড়া ছিল স্তিমিত। কারণ সিনেমাহল বন্ধ।

মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে যেখানে সবাই শঙ্কিত, সেখানে নতুন ছবির শুটিং শুরু করা মানে আরও বেশি ক্ষতির মুখোমুখি হওয়া। কেউ কেউ সীমিত আকারে শুটিং শুরু করলেও বড় কোনো তারকার অনুপস্থিতির কারণে ছবিপাড়া ঝিমিয়ে।

অবশেষে সেই খরা কাটল। মাত্র একজনের আবির্ভাবে সেই ঝিমিয়ে পড়া ছবিপাড়া পুরোটাই নড়েচড়ে জেগে উঠল। তিনি শাকিব খান। এ সময়ের দেশসেরা নায়ক।

গত ১০ সেপ্টেম্বর থেকে এ নায়ক অনন্য মামুনের পরিচালনায় ‘নবাব এলএলবি’ নামের একটি নতুন ছবির শুটিং শুরু করেছেন। সাত মাসেরও বেশি সময় পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ নায়ক।

আর তাতেই চাঙা হয়ে উঠেছে ছবিপাড়া। এফডিসিতে যখন এ নায়ক শুটিং করতে এসেছেন তখন প্রায় সবাই তার সঙ্গে দেখা করতে গিয়েছেন, কুশলাদি বিনিময় করেছেন বা সেলফি তুলেছেন।

আর সেসব হয়েছে খবরের শিরোনাম। বলা যায়, সাত মাস পর ছবিপাড়া হয়ে উঠেছে শাকিবময়। অন্য কোনো নায়কের ক্ষেত্রে এমনটি এখন দেখা যায় না।