• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী মেহজাবিন-নিশো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০, ১৪:৪৯ অপরাহ্ণ
কণ্ঠশিল্পী মেহজাবিন-নিশো

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী জুটি বেঁধে বরাবরই বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তবে এবার তারা যে পরিচয়ে আসছেন সেটি একেবারেই অভিনব।

নিশো জানান, এবার তিনি ও মেহজাবিন হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী হিসেবে। তাও আবার সেটি পথশিল্পী। এলাকায় হেঁটে হেঁটে মানুষদের গান শোনানোই তাদের কাজ।

এমন এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এ নাটকটির নাম ‘শিল্পী’।

এতে আফরান নিশো ও মেহজাবিনের চরিত্র প্রসঙ্গে নির্মাতা বলেন, নিশো-মেহজাবীন দুজনেই কণ্ঠশিল্পী। তারা একই এলাকার রাস্তায়-রাস্তায় গান গেয়ে বেড়ান। নিশো পুরুষ এবং মহিলা এই দুই কণ্ঠে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে পারেন। সেজন্য তার জনপ্রিয়তাও বেশি। সেই হিসেবে মেহজাবিনের শ্রোতা তুলনামূলক কম। এসব নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাধে। গল্প ঘুরে যায় অন্যদিকে।

নির্মাতা আরও জানান, গল্পের শেষের দিকে দেখা যাবে, কোনো এক কারণে একটা সময় নিশো আর মেয়েদের মতো করে গাইতে পারছেন না। শুরু হয় গল্পের নতুন ক্রাইসিস।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ইউটিউব চ্যানেলসহ ‘শিল্পী’ নাটকটি মধ্য জানুয়ারিতে আরটিভিতে প্রচার হবে। বর্তমানে এই দুই অভিনয়শিল্পী একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করছেন।