ঢালিউডের রহস্যময়ী অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরে পা রাখেন ফিল্মপাড়ায়। সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। শাকিব খানের বিপরীতেই অভিনয় করেছেন ১১টি সিনেমায়। সবশেষ ‘বীর’ সিনেমাটি মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন এ নায়িকা। তারপর তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ফিল্মপাড়ায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছেন বুবলী। জানিয়েছেন আড়ালে থাকার কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সরব হচ্ছেন এ রহস্যময়ী নায়িকা। শোনা যাচ্ছে, শাকিব খানের বিপরীতে দেখা যাবে না বুবলীকে! ঢালিউড ভাইজানই নাকি তাকে নায়িকা হিসেবে চাইছেন না। দেশীয় একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড ভাইজান। যার একটিতেও থাকছেন না শবনম বুবলী। কিন্তু কেনো তাকে নেওয়া হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শাকিব-বুবলী বন্ধনের চিড় ধরেছে। তার ফলেই ভাঙছে শাকিব-বুবলী পর্দার জুটি।
যদিও, শাকিব খানের বিপরীতে বুবলীকে দেখতে দেখতে বেশ বিরক্ত শাকিবিয়ানরা। গত বছর ‘বুবলী মুক্ত শাকিব চাই’ বলে অনলাইন আন্দোলনও চালিয়েছেন তারা। তারপরই শোনা যায়, শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন মুখ নেওয়া হবে। এর আগে, বুবলী অভিনয় করেছেন চিত্রনায়ক নিরবের বিপরীতে। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা যাবে তাকে। বুবলীর ক্যারিয়ারের প্রথম ইনিংসের এটাই ছিল শেষ সিনেমা।
ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু পরিকল্পনা করছেন বুবলী। সৈকত নাসির পরিচালিত একটি সিনেমাতেও নাকি কাজ করার কথা ছিল তার। সে সিনেমার জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বুবলী। এ নিয়ে গণমাধ্যমে শিরোনামও হয়েছিল। কিন্তু ব্যাটে-বলে না মেলায় বুবলীকে চূড়ান্ত করতে পারছেন না পরিচালক।