• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একযুগ পর আবারও আবাহনী-মোহামেডান ফাইনাল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ণ
একযুগ পর আবারও আবাহনী-মোহামেডান ফাইনাল?

ডেস্ক নিউজ ঃ
একসময় আবাহনী ও মোহামেডান ম্যাচ মানেই ছিল ধুন্ধুমার লড়াই। চারদিকে পড়ে যেতো শোরগোল, সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে খেলা দেখতে বিভোর ছিল। সময়ের পরিক্রমায় এখন আর সেই জৌলুশ নেই। সেই ধারায় ছেদ পড়েছে। আবাহনী সঠিক পথে থাকলেও মোহামেডান ধুঁকছে। তারপরও দুই দলের ম্যাচ মানে কিছুটা হলেও বাড়তি উত্তেজনা রাখে। এই মৌসুমে সমর্থকদের সামনে দুই দলের খেলা দেখতে পাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে দীর্ঘ একযুগ পর ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বির দেখা হওয়ার সম্ভাবনা আছে!

আজ বৃহস্পতিবারই দুটি সেমিফাইনাল হতে যাচ্ছে। কলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমটিতে মোহামেডান স্পোর্টিং লড়াই করবে রহমতগঞ্জের। পরেরটিতে আবাহনী লিমিটেড খেলবে সাইফ স্পোর্টিংয়ের। আবাহনী ও মোহামেডান ম্যাচ জিততে পারলেই হবে স্বপ্নের ফাইনাল!

সবশেষ ২০০৯ সালে দুই দল ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্যের পর টাইব্রেকারে মোহামেডান ৪-১ গোলে জিতেছিল আবাহনীর বিপক্ষে। এছাড়া কোটি টাকার সুপার কাপে ২০১১ সালে সবশেষ দেখা হয়েছিল দুই দলের।

এবার দুই দলই চাইছে ফাইনালে খেলতে। দুই দলই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল। আবাহনী ১১ বার ট্রফি জিতেছে। বিপরীতে মোহামেডান ১০ বার।

আবাহনীর কোচ মারিও লেমস চাইছেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে। স্বাধীনতা কাপের ট্রফি জিতেছে আকাশি-নীল জার্সিধারীরা। ফেডারেশন কাপেও তেমনই লক্ষ্য। লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই মৌসুমে আমরা শুরু থেকে ভালো খেলে আসছি। এমন পারফরম্যান্স ধরে রাখতে হবে। ফেডারেশন কাপে ট্রফি জয় করাটাই আমাদের লক্ষ্য। তাই সেমিফাইনালে জয় ছাড়া বিকল্প নেই।’

দানিয়েল কলিনদ্রেস-রাফায়েল অগাস্তো-দোরিয়েন্তনকে নিয়ে দেখার মতো আবাহনীর ফরোয়ার্ড লাইন। এর সঙ্গে রাকিব হোসেন-ইমন মাহমুদদের দিয়ে যাচ্ছেন যোগ্য সমর্থন। তাইতো লেমসের প্রত্যাশা বেশি, ‘আমার দলে সবাই ভালো খেলে আসছে। বেশ কিছু দিন ধরে এক সঙ্গে অনুশীলন করায় বোঝোপোড়াও চমৎকার। আশা করছি এবারও সাফল্য পাবো।’

আবাহনীর মতো মোহামেডান কোচ শন লেনও চাইছেন সাফল্য। তাইতো সেমিফাইনালের বাধা টপকে এগিয়ে যেতে চাইছেন এই ব্রিটিশ-অস্ট্রেলিয়ান, ‘এটা আমাদের জন্য আরও একটি পরীক্ষা। এখানে যে কোনও দল ভালো করতে পারে। রহমতগঞ্জ কঠিন প্রতিপক্ষ। আমরা জিতেই ফাইনালে যেতে চাই।’

আবাহনী কিংবা মোহামেডানের ফাইনালে মুখোমুখি হওয়াটা সহজ বিষয় নয়। আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সাইফ কিংবা গোলাম জিলানির রহমতগঞ্জ ছেড়ে কথা বলবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারাও। তাই আবাহনী ও মোহামেডানের মধ্যে ফাইনাল হবে কিনা তা জানতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।