• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ইন্টারনেট সেবার মানোন্নয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২২, ১৪:৩১ অপরাহ্ণ
রাবিতে ইন্টারনেট সেবার মানোন্নয়নের উদ্যোগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইন্টারনেট সেবার মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে রাবি প্রশাসন। এই লক্ষ্যে বাংলাদেশের শিক্ষাঙ্গনে ইন্টারনেট সেবা প্রদানকারী বিডিরেন (ইফজবহ) ক্যাম্পাসে দুই মাসব্যাপী জরিপ পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৪মার্চ) দুপুর ১টায় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড প্রদীপ কুমার পান্ডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বৃহস্পতিবার বেলা ১২টায় বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তায়ৌত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সাক্ষাত করে জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপাচার্যকে অবহিত করে ইন্টারনেট সেবার উন্নয়নে প্রয়োজনীয় চাহিদা সম্পর্কে মাস্টারপ্ল্যান হস্তান্তর করেন।

এ প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে প্রায় ১ বছর সময় প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ গ্রহণ করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ক্যাম্পাসের সকল একাডেমিক ভবন, শিক্ষা সহায়ক স্থাপনা ও আবাসিক হলের প্রতিটি কক্ষে দীর্ঘমেয়াদী ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সাক্ষাতকালে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে ও বিডিরেনের পাঁচজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।