• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ওভারে নাটকীয়তায় ৪ রানে জয় টাইগারদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ণ
শেষ ওভারে নাটকীয়তায় ৪ রানে জয় টাইগারদের

শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান, কিন্তু মোস্তাফিজের বলে ল্যাথাম নিতে পারলেন ১ রান। জোরের ওপর অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে বল করেছেন মোস্তাফিজ। বাংলাদেশ জিতে গেল ৪ রানে। শেষ ২ বলে ১৩ রান দরকার নিউজিল্যান্ডের, এমন অবস্থায় বিমার মারলেন মোস্তাফিজ! মাথার ওপর দিয়েই ভেসে যেতে থাকা বলে ব্যাট লাগিয়ে দিলেন ল্যাথাম। উইকেটের পেছন দিয়ে চার! নো বলও হলো, ৫ রানও এল, ফ্রি-হিটও পেল নিউজিল্যান্ড। ফ্রি-হিটে ল্যাথামের পায়ে বল মারলেন মোস্তাফিজ। ল্যাথাম লেগ সাইডে ঠেলে দিয়ে নিলেন আরও দুই রান। শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান। কিন্তু মোস্তাফিজ দেখালেন ম্যাজিক। অবশেষে জয় বাংলাদেশেরই।

এ জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টি২০ এর তালিকায় বাংলাদেশ ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

ছক্কা খাওয়ার পরের বলেই সাকিবের আঘাত

সাকিবের প্রথম ওভারে মারতে গেলেন ছক্কা। সফলও হলেন। পরের বলও মারতে গিয়েছিলেন রবীন্দ্র। কিন্তু সাকিবের বল ব্যাটে লেগে স্টাম্পে লেগেছে তার। ১৬ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। রবীন্দ্রকে বুঝতে হত বোলারটির নাম সাকিব আল হাসান। এর পরের ওভারে এবং নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেট তুলে নিলেন মাহেদি হাসান।

শেষ বলে আউট নুরুল

শেষ বলে বাউন্ডারির আশায় তুলে মেরেছিলেন নুরল। কিন্তু বল ৩০ গজের মধ্যেই আটকে থাকল। অনেক দূর দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন উইল ইয়ং। বাংলাদেশে থামল ১৪১ রানে। ৩২ রানে ৩৭ রান তুলে অপরাজিত মাহমুদউল্লাহ। ৯ বলে ১৩ রান করেছেন নুরুল। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ২২ রানে পেয়েছেন ৩ উইকেট।

হঠাৎ নেই ৩ উইকেট
ওপেনিং জুটিটা ভালোই ছিল। ৫৯ রান তুলে ফেলেন নাঈম শেখ ও লিটন দাস। কিন্তু তারপর হঠাৎ ছন্দপতন। একটি সিক্স মেরে প্লেডাউন হয়ে আউট ওপেনার লিটন। ক্রিজে নামলেন মুশফিক। কিন্তু প্রথম বলেই স্ট্যাম্পড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। নাঈমের সঙ্গী এবার হলেন সাকিব আল হাসান। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার তিনি। কিন্তু এ ম্যাচে ব্যর্থ তিনিও। মাত্র ৭ বল খেলে ১২ রানে ফিরলেন তিনি।

পাওয়ার প্লে–তে রান এল মাত্র ৩৬

পাওয়ার প্লে–র প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৩৬ রান তুলেছে। শেরেবাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে বল থেমে আসায় সহজাত ব্যাটিংটা করতে পারছেন না দুই ওপেনার লিটন (১৮ বলে ২০*) ও নাঈম (১৭ বলে ১৫*)।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ৬০ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নেয়। সেটি ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে বাংলাদেশের প্রথম জয়। আজ জয় পেলে বাংলাদেশ টি২০ তালিকায় অস্ট্রেলিয়াকে পিছনে ফেলবে।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। প্রথম টি–টোয়েন্টি ম্যাচের দলই মাঠে নেমেছে। অন্যদিকে এই ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটবে পেসার বেন সিয়ার্সের। জ্যাকব ডাফির জায়গায় খেলছেন তিনি। নিউজিল্যান্ড দলে মোট দুটি পরিবর্তন আনা হয়েছে। ব্লেয়ার টিকনারের জায়গায় খেলছেন হামিশ বেনেট।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল
রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।